রামিসা হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। এরপর বিচারের দায়িত্ব আদালতের। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পেশাদার অনেক অপরাধীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যারা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলছিল।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের শিশু রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন।








