Logo

প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৮:০৭
প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদ ও জনগণের মধ্যে সংযোগ তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংসদ ও গণমাধ্যমকে সমন্বয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বহু ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সংসদ নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। গত দুই দশকে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে এবং প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, নানা ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই সংসদের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে এবং গণমুখী রাজনীতির চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো বাস্তবতাকে নিরপেক্ষভাবে তুলে ধরা। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। তবে অতীতের কিছু রাজনৈতিক ঘটনার প্রভাব এখনও সাংবাদিকতায় রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাধীনতার চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অতীত সরকারের আমলে গুম, নির্যাতন ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগও তুলে ধরেন।

স্পিকার আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখা। বিরোধী দলের কাজ সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা, আর সরকারের দায়িত্ব সংসদের কার্যক্রমকে এগিয়ে নেওয়া। এ জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরতে হবে। সংসদের কার্যকারিতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ে বিদ্যমান কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। স্পিকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD