Logo

বাংলাদেশের দক্ষ জনশক্তি গঠনে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৮:৪৯
বাংলাদেশের দক্ষ জনশক্তি গঠনে সহযোগিতা করবে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মীতে পরিণত করতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের সার্বিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ সংকটের কারণে বহু বাংলাদেশি কর্মী ক্ষতির মুখে পড়েছেন এবং অনেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের পুনর্বাসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওপিই) উন্নয়নে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করেছে। তবে এটিকে আরও শক্তিশালী করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টার সংযুক্তকরণ, জব পোর্টালের আধুনিকায়ন এবং একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পরিধিও সম্প্রসারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডের কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণব্যবস্থার আন্তর্জাতিক সুনামের কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো গেলে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি এবং নির্মাণ খাতের মতো বিশেষায়িত ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা ও গবেষণার বৃত্তির সুযোগ আরও বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এই ডায়াসপোরা কমিউনিটিকে কার্যকরভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

জবাবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, গত দেড় দশক ধরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা ধারাবাহিকভাবে আরও গভীর হয়েছে। তিনি বিদেশফেরত বাংলাদেশি কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম বড় সম্পদ। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে যেমন বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ, তেমনি দেশের ভেতরেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা সমানভাবে জরুরি।

তিনি জানান, দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণে সুইজারল্যান্ডের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অধিক দক্ষ করে গড়ে তুলতে তার দেশ আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD