আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী আয়োজনও সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আনসার-ভিডিপি শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে। কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা ও প্রাইজমানি প্রদান করা হয়।
পরে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির অবদান এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। পরে তিনি চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে আনসার-ভিডিপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। বাহিনীর অনেক খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।








