জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই গণ-আন্দোলনের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মান জানিয়ে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই স্মারক তুলে দেন।
বিজ্ঞাপন
সম্মেলনে উপস্থিত শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত কয়েকজন প্রতিনিধির হাতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি জুলাই গণ-আন্দোলনে আত্মত্যাগ ও অবদানের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। পরে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান পরিচালনার সময় সঞ্চালক জানান, প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মারক গ্রহণ করলেও জুলাই আন্দোলনে শহীদ হওয়া সব পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের জন্য পৃথকভাবে স্মৃতি স্মারক সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী এসব স্মারক পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞাপন
আয়োজকদের ভাষ্য, জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের অবদান স্মরণীয় করে রাখা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








