Logo

বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ২১:৩৬
বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক এবং বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় জানানো হয়েছে যে, বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এসব শিল্পকারখানায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তারা যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন শুরু হবে।

তিনি আরও জানান, পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD