১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
সংস্থাটি জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সারাদেশে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকায় সোর্স বা তথ্যদাতা নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের সম্ভাব্য রুটগুলোতেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত রাজনৈতিক কর্মসূচির স্থান ও আশপাশের এলাকায় র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। এসব স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী কোনো গোষ্ঠীর সদস্যরা যেন অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
র্যাব বলছে, সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কায় সাইবার পেট্রলিংও জোরদার করেছে র্যাব।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য কিংবা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এতে অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য উসকানি, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
কোনো এলাকায় বিস্ফোরক কিংবা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছে র্যাব।
১৫ আগস্ট উপলক্ষে র্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।
র্যাব সাধারণ নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোথাও সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








