ছয় মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কতটা সন্তুষ্ট, সেটি দেশের জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিকোণ থেকে গত ১৮০ দিনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে সরকার একাধিক সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ সময়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। সরকারের দাবি, এসব সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বৈশ্বিক সংঘাতের কারণে তৈরি জ্বালানি ও গ্যাস সংকটের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
বিজ্ঞাপন
বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রায় এক মাস জ্বালানির মূল্য সমন্বয় স্থগিত রাখা হয়েছিল বলেও জানান তিনি। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, টেকসই সমাধানের জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে বিনিয়োগ ও শিল্প উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া বিদ্যমান সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টার্মিনালের সম্ভাব্য স্থান নির্ধারণে বর্তমানে জরিপ চলছে বলে জানান তিনি।
দেশের গ্যাসের আমদানি-নির্ভরতা কমাতে স্থলভাগের পাশাপাশি অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরুর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার আশা, এসব উদ্যোগের ফলে আগামী কয়েক বছরে গ্যাস সংকটের টেকসই সমাধানের পথ তৈরি হবে।
সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমও চলছে।
বিজ্ঞাপন
বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। একই সঙ্গে ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার মতো বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও সঠিক নীতির কারণে দেশে শক্তিশালী খাদ্য মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নেওয়া উদ্যোগ এবং অর্জনের সমন্বিত বিবরণ শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তব সুফল কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, তার মূল্যায়ন শেষ পর্যন্ত জনগণের অভিজ্ঞতার ওপরই নির্ভর করবে।








