আনসারের অভিযানে মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ মিরপুর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়।
পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. সোহেল রানা, রাকিব মিয়া, রোকনুজ্জামান, শাহীন আলম, মো. মানিক মিয়া ও মো. মতিয়ার অংশ নেন।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার দালাল চক্রের তিন সদস্যকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
আনসার কর্তৃপক্ষ জানিয়েছে, বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি এবং অবৈধ অর্থ আদায় বন্ধে দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।








