আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি: মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদারে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথগ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল সময়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে একটি বিশেষ বন্ধন রয়েছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
দুই প্রতিবেশী দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ, দায়িত্ব পালনে সফলতা এবং দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের প্রতিদ্বন্দ্বিতা হয়।








