Logo

দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও পেশাগত নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৮:০১
দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও পেশাগত নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বাড়ানো, মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশের দুই উপজেলায় আধুনিক অফিস ভবন ও ছয় জেলায় অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব অবকাঠামোর উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নতুন এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

দায়িত্ব পালনে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও পেশাগত নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা না গেলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য অর্জন করা কঠিন হবে। পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ এবং পেশাগত নিষ্ঠার মাধ্যমে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

মহাপরিচালক নবনির্মিত স্থাপনাগুলোকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। আধুনিক অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। নবনির্মিত অফিস ভবন ও অফিসার্স আবাসন এ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD