Logo

আজ বিকেলেই বসছে সংসদের তৃতীয় অধিবেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৩:১১
আজ বিকেলেই বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নূরুল ইসলাম মনি জানান, বিরোধীদলের পক্ষ থেকে সংসদীয় কমিটির সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে তৃতীয় অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে সংসদীয় কাজের প্রয়োজন বিবেচনায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

চিফ হুইপের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত প্রস্তাবিত আইন বিশেষ গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনের ব্যাখ্যায় তিনি বলেন, বাবা-মা জীবিত অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার তারা নিজেদের কাছে রাখতে পারবেন। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা ঠেকানোর লক্ষ্যেই এ ধরনের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।

জুলাই সনদ ও সংবিধান সংশোধনের প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনি ইশতেহার বিবেচনা করে ভোট দিয়েছেন এবং সরকারের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের প্রয়োজন অনুযায়ী নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে সংশোধন আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সংবিধান সংস্কারের ব্যাখ্যা দিতে গিয়ে চিফ হুইপ বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি কিংবা সেমিকোলনের পরিবর্তনও সংস্কারের অংশ। জুলাই সনদে দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে করা অঙ্গীকারের প্রতিটি বিষয় বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য ছোট দল থেকে একজন করে সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলে তাদেরও সংশ্লিষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন চলাকালে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সংবিধান সংস্কার-সংক্রান্ত কার্যক্রমই আলোচনার কেন্দ্রে থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

চিফ হুইপের প্রত্যাশা, এই অধিবেশনের মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সংসদীয় কমিটিগুলো সক্রিয় করার মাধ্যমে আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতেও সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD