জনগণকে সঙ্গে নিয়েই অপরাধ দমনে মাঠ পুলিশকে নির্দেশ আইজিপির

জনগণকে সম্পৃক্ত করে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, অপপ্রচার ও গুজবের বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। কোনো অপরাধ বা ঘটনা সংঘটিত হওয়ার আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। জনগণের কল্যাণে পুলিশ বাহিনী কাজ করছে উল্লেখ করে সবাইকে সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অতিরিক্ত আইজি, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা সম্মেলনে অংশ নেন।
বিজ্ঞাপন
সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল থেকে জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ সংক্রান্ত মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রম এবং সাজা পাওয়ার হার নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদারকি বাড়ানো, মুলতবি মামলা কমানো এবং সাজা পাওয়ার হার বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্ত করতেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সম্মেলনে পিবিআই প্রধান অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ এবং এসবি প্রধান অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে পুলিশ সপ্তাহ ২০২৬ চলাকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে। সম্মেলনে আইজিপি নিজ হাতে নির্বাচিত সদস্যদের ব্যাজ পরিয়ে দেন।








