চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বাড়ানো। অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় জাপানের সঙ্গেও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।
তিনি জানান, বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক বিনিয়োগের অংশীদারত্ব গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দেশটির বিনিয়োগে বাস্তবায়িত কয়েকটি মেগা প্রকল্প দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহের স্থিতিশীলতা নিয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এ অংশগ্রহণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জাপান সরকারের আস্থা বাড়াতে সহায়তা করেছে।
আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান হুমায়ুন কবির।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের যুবরাজ তাঁকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তাঁর সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।








