বন্ধ রিয়াদের বিমানবন্দর, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের কারণে তাঁদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও এ পরিস্থিতিতে প্রভাবিত হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিতের ঘোষণা দেয় বিমান। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রবিবার বিমান কর্তৃপক্ষ জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেটের জন্য যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের বিমান সংস্থাগুলোর পাশাপাশি সৌদি আরবের সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটও প্রভাবিত হয়েছে। চারটি এয়ারলাইন্সের মোট আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী এই ভোগান্তির আওতায় রয়েছেন।
বিজ্ঞাপন
ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ, যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পরবর্তী ঘোষণার ওপর পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








