Logo

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৯:৩৩
দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি উৎসবের সময় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধ (অফ ডে) বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

যেসব রুটে চলবে বিশেষ ট্রেন

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চলাচল করবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ট্যুরিস্ট স্পেশাল-২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল-৪ চলবে ২৪ অক্টোবর।

বিজ্ঞাপন

উৎসবের সময়ে যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় এসব বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

যাত্রীচাপ সামলাতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

পূজায় অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে। ট্রেনের সময়সূচি ঠিক রাখা ও বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি জোরদার করা হবে।

রেলপথ ও সেতুর নিরাপত্তায় পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হবে রিলিফ ট্রেন।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD