ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা : ক্লিনিকের কার্যক্রম বন্ধ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানের শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বলেন, “পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা বাঁকড়া মেডিকেল সার্ভিসেসে সরেজমিন পরিদর্শন করি। পরিদর্শনকালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে সংরক্ষণবিধি যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই বেসরকারি ক্লিনিকগুলো সরকারি নীতিমালা মেনে সেবা প্রদান করুক। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ওটির ভেতরে সংরক্ষিত একাধিক মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় লাইসেন্স ও দাপ্তরিক কাগজপত্রে অসংগতি এবং বিধিবহির্ভূত ব্যবস্থাপনার প্রমাণ পায়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে কাগজপত্র সঠিকভাবে হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং এ মর্মে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, “আজকের ভ্রাম্যমাণ আদালতে অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর খাত—এখানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানে যে রোগীর বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটা ফৌজদারি কার্যবিধির আওতায়
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দ্বারা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালত অথবা থানার সহযোগীতা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
অভিযানকালে বাঁকড়া পুলিশ তদন্ত ক্যাম্পের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগ আমলে নিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








