প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
ডিবির এই কর্মকর্তা বলেন, ঢাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তদন্তে ডিবি সফলতা দেখিয়েছে। অধিকাংশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদেরও গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদঘাটন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিজ্ঞাপন
কীভাবে ছিনতাই হলো
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা এলাকায় র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ডিএল পেট্রোল পাম্পের ওই টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। পথে তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন।
বিজ্ঞাপন
একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা গাড়িটিতে ধাক্কা দিয়ে সেটি থামাতে বাধ্য করেন। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা বহনকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
বিজ্ঞাপন
কার প্রতিষ্ঠানের টাকা
মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক।
তাসীন আক্তার হক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার কেন বেশি টাকা নেওয়া হচ্ছিল
পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়মিতভাবে আগের দিনের বিক্রির অর্থ পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো।
তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা পরবর্তী কর্মদিবস রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রবিবার ব্যাংকে নেওয়া অর্থের পরিমাণ অন্য দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে।
বিজ্ঞাপন
ছিনতাইয়ের ঘটনাটিও রবিবার সকালে ঘটেছে। এ কারণে ওই দিন এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে ব্যাংকে নেওয়ার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।
দ্রুত আসামি গ্রেপ্তারের আশা ডিবির
ঘটনার পর থেকে ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে ডিবি। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের তথ্য, ছিনতাইয়ের কৌশল এবং টাকা পরিবহনের বিষয়টি কীভাবে অপরাধীদের কাছে পৌঁছেছিল—এসব দিকও তদন্তের আওতায় রয়েছে।
বিজ্ঞাপন
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তকারীরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন এবং শিগগিরই আসামিদের আইনের আওতায় আনার ব্যাপারে তারা আশাবাদী।
তবে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না বা ছিনতাই হওয়া অর্থের কোনো অংশ উদ্ধার হয়েছে কি না—এ বিষয়ে বুধবার দুপুর পর্যন্ত ডিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।







