সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক ও শান্তিপূর্ণ রয়েছে। ভোটগ্রহণ এভাবে অব্যাহত থাকলে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট বিপুল ভোটে জয়ী হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগোচ্ছে। যদি এই ধারা বজায় থাকে, তাহলে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা তুলে ধরে জানান যে, ২০০১ সালেও তিনি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমান পরিস্থিতি তখনকার তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও সুশৃঙ্খল।
জামায়াত যে কোনো নির্বাচনী ফলাফল মেনে নিতে প্রস্তুত—এমন অবস্থান জানিয়ে ডা. তাহের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেবে জামায়াত।
বিজ্ঞাপন
ভোট দেওয়ার আগে সকালে তিনি চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।








