বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সংসদে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করতেই তিনি দলীয় এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে স্পিকার নিজেই বিষয়টি প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদের কার্যক্রম পরিচালনায় পক্ষপাতহীন অবস্থান বজায় রাখার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সংসদ পরিচালনায় সব দলের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
জোহরের নামাজের বিরতির পর বেলা দেড়টার দিকে অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার তাঁর বক্তব্য দেন। বক্তব্যে তিনি বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের সতর্ক প্রহরী হিসেবে উল্লেখ করেন এবং জাতীয় সংসদকে গণতন্ত্রের অন্যতম প্রধান প্রতীক হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিও স্মরণ করেন।
স্পিকার বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরশাসনের উদ্ভব ঘটলেও জনগণ বারবার তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। সেই আন্দোলনে শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দেশের মানুষ বর্তমান সংসদের কার্যক্রম দেখার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়ই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে।
নিরপেক্ষতার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে স্পিকার বলেন, দলীয় পদ ছাড়ার মাধ্যমে তিনি সংসদের মর্যাদা রক্ষা করতে চান। সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র।








