Logo

গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৪:৫৩
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ, বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জোটের নেতারা জানান, তাদের দাবি বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগের অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোট সংক্রান্ত রায় নিয়ে সরকারি দলের কার্যক্রমে তারা বিস্মিত ও হতাশ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল, সেগুলোর যথাযথ প্রতিফলন ঘটছে না।

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। মূলত জুলাই সনদ আদেশ জারি না হওয়া এবং বিরোধী দলীয় নেতাকে ভুলভাবে উল্লেখ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন হয়নি বলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তার মতে, নির্বাচনের আগে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলোর যথাযথ মূল্যায়ন না হওয়ায় বিরোধী দলের অবস্থান থেকে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এ সময় স্পিকার বিরোধী দলীয় নেতাকে অধিবেশনে থেকে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিলে বিরোধী দলের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে এবং আরও আলোচনা করার সুযোগ থাকবে। তবে অধিবেশন ত্যাগ করা সাংসদদের অধিকার বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক অঙ্গনে এই কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন বিক্ষোভ কর্মসূচি রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD