Logo

পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে রিজভীর সঙ্গে এ্যাবের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ২০:২০
পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে রিজভীর সঙ্গে এ্যাবের বৈঠক
ছবি: সংগৃহীত

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে পাঁচ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এ কর্মসূচির বাস্তবায়ন এবং কৃষি খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে মতবিনিময় করেছেন সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি কৃষি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, কৃষি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম এবং কৃষি উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এ্যাব নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনটির পক্ষ থেকে অন্তত পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় রুহুল কবীর রিজভী পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানান এবং কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, সংগঠনের তত্ত্বাবধানে আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে পাঁচ লাখ গাছের চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেবেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

সভায় এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাজেটে এ খাতে আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে কৃষি খাতের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এ সময় রুহুল কবীর রিজভী কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা জনসম্মুখে তুলে ধরতে একটি সেমিনার আয়োজনের পরামর্শ দেন। তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জুন কেআইবি অডিটোরিয়ামে কৃষি খাতে বাজেট বৃদ্ধি বিষয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতিও দেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কৃষিবিদদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং কৃষি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং কৃষি খাতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD