সচিবালয়ে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির কোনো দলীয় বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, তারা জানতে পেরেছেন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সচিবালয়ে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের বৈঠক নিয়ে প্রশ্ন তুলে হামিদুর রহমান আযাদ বলেন, সচিবালয় মূলত নির্বাহী কার্যক্রমের জায়গা। সেখানে রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠক হওয়ার নজির তাদের জানা নেই।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার কোনো দলীয় বৈঠক ছিল না। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান হিসেবে তার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তিনি দলের নেতাদের ডেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সেখানে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
এদিকে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সচিবালয়ে কোনো বৈঠক হয়নি, সেখানে আলোচনা হয়েছে। দেশের যেকোনো জায়গায় আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগে থেকেই যে সিদ্ধান্ত ছিল, সেটিই প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন।








