এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খুললেন রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটিয়ে নিয়োগ এবং অর্থ লেনদেনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। পোস্টে তিনি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের নাম উল্লেখ করে নানা অভিযোগ করেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “আসিফ মাহমুদ দুর্নীতি করার কারণে স্বয়ং জামায়াতের আমির ঢাকা-১০ আসন ছাড়েনি। সাংবাদিক ভাইয়েরা জামায়াতের আমিরকে জিজ্ঞেস করলেই এ বিষয়ে উত্তর পাবেন। তিনি যদি ঈমানদার হন, তবে হয় বিষয়টি এড়িয়ে যাবেন কিংবা উত্তর দেবেন না। বিষয়টি এনসিপির নীতিনির্ধারণী মহলের সকলেই জানে। রাজনৈতিক কারণে নাহিদ ইসলাম এ বিষয়ে অস্বীকার যেতে পারে। কিন্তু এটা শতভাগ সত্য, এখানে বিন্দুমাত্র ভেজাল নেই।
তিনি লেখেন, আমি একটা ক্লু ধরে আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের দুর্নীতির তথ্য পেয়েছিলাম। এ বিষয়ে আমি আরেকজন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছিলাম। তিনিও বিষয়টি শুনে অবাক হয়েছিলেন। ঠিক ডিসি কেলেঙ্কারির তথ্যও অসত্য নয়। হাসনাত ও সারজিসের সঙ্গে জড়িত ছিল। এই তথ্য আমি কিছু ক্লুসহ তাদের বিশ্বস্ত মানুষদের কাছ থেকে পেয়েছিলাম।
বিজ্ঞাপন

রাশেদ খান লেখেন, এমনকি নাসির পাটোয়ারী প্রায় আওয়ামী লীগের সম্পদ দখল ও টাকাপয়সা ছাড়া রাজনীতি হবে না—এমন কথা বলত। নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায় রাজনৈতিক আলোচনায় নাসির পাটোয়ারীর মুখ থেকে সবসময় টাকাপয়সার আলাপটাই আসত।
তিনি আরও বলেন, প্রশাসক মোহাম্মদ এজাজ নাসির পাটোয়ারীর পরামর্শেই নিয়োগ পায়। সে নাসির পাটোয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক কমিটিতে ছিল। মুহাম্মদ এজাজের মাধ্যমে অর্জিত টাকাপয়সা নাসির পাটোয়ারী ও এনসিপির কাছে যায়।
বিএনপি নেতা আরও লেখেন, এটা এখন ওপেন সিক্রেট যে, এনসিপির শীর্ষ এক ডজন নেতা ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত। নিশ্চয়ই ভুলে যাননি, সারজিসের কাছে এক নারীর ৭ লাখ টাকা দেওয়ার ভিডিও। এভাবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মোট ৪৮ লাখ টাকা নেওয়া হয়েছে বলে সেই নারী অভিযোগ করেছিলেন।
বিজ্ঞাপন
রাশেদ খান লেখেন, শহীদ ওসমান হাদী এনসিপির তিনটি অপরাধ চিহ্নিত করেছেন। এর মধ্যে অন্যতম হলো এনসিপি দুর্নীতি করেছে। শহীদ ওসমান হাদী নিশ্চয় মিথ্যা বলে যাননি? মিথ্যা বলে থাকলে এনসিপি বলুক, শহীদ ওসমান হাদী এনসিপি সম্পর্কে বিষোদ্গার করে গেছেন।”
তবে রাশেদ খানের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, নাসির পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন








