Logo

নতুন অধিনায়কের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৪:০৩
নতুন অধিনায়কের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ফলে এই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে, প্রথম টি-টোয়েন্টির একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিকে এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়। একাদশে জায়গা পেয়েছেন শেষ মুহূর্তে দলে যুক্ত হওয়া সৌম্য সরকারও।

বিজ্ঞাপন

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD