Logo

নেইমার কেন খেলেননি, জবাব দিলেন কোচ আনচেলত্তি

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ০১:৩৭
নেইমার কেন খেলেননি, জবাব দিলেন কোচ আনচেলত্তি
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তের নাটকীয়তায় জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে পুরো ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি নেইমার, যা নিয়ে ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সেই বিষয়েই ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

চোট কাটিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিরেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রাখা হলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হতে পারে—এমন ধারণাই ছিল। ডাগআউটের পাশে তাকে ওয়ার্ম আপ করতেও দেখা যায়। তবে শেষ পর্যন্ত আর তাকে মাঠে নামাননি কোচ।

ম্যাচ শেষে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই নেইমারকে প্রস্তুত রাখা হয়েছিল। তার ভাষায়, “আমি মূলত অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে প্রস্তুত রেখেছিলাম। তাকে আগে থেকেই বলেছিলাম, ম্যাচ সমতায় না গেলে ৬০ বা ৬৫ মিনিটে নামবে। কিন্তু আমরা যেহেতু ৫৫ মিনিটে সমতায় ফিরেছি, তাই দলের কাঠামো ভাঙতে চাইনি। তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।”

নেইমার ছাড়াও ম্যাচ শেষে ব্রাজিল শিবিরে বড় দুশ্চিন্তা তৈরি করেছে ইনজুরি। গোলদাতা কাসেমিরো এবং মিডফিল্ডার লুকাস পাকেতা দুজনই চোট পেয়ে মাঠ ছাড়েন। তাদের অবস্থা নিয়ে কোচ বলেন, “আগামীকাল তাদের চোট ভালোভাবে মূল্যায়ন করা হবে। জাপান খুবই সুসংগঠিত দল, ম্যাচটি সহজ ছিল না।”

বিজ্ঞাপন

তবে স্কোয়াডের গভীরতা নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ। তিনি বলেন, “আমাদের বেঞ্চ এবং মূল একাদশ—দুই জায়গাতেই ভালো বিকল্প আছে। খেলোয়াড়রা দারুণ ফর্মে আছে এবং সবাই দল হিসেবে খেলছে।”

ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন আনচেলত্তি। তার মতে, জয় পুরোপুরি প্রাপ্য ছিল ব্রাজিলেরই। তিনি বলেন, “আমরা ভালো ফুটবল খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল। কিছু সুযোগ মিস হয়েছে ঠিকই, তবে দল ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও আমরা ভালো খেলেছি। উইং দিয়ে অনেক ক্রস তৈরি করেছি এবং শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই কার্যকর হয়েছে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD