Logo

হালান্ডের জোড়া গোলে নরওয়ের দাপট, ২-০ ব্যবধানে পিছিয়ে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ০৩:৫৭
হালান্ডের জোড়া গোলে নরওয়ের দাপট, ২-০ ব্যবধানে পিছিয়ে ব্রাজিল
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর ম্যাচে একের পর এক সুযোগ নষ্টের মাশুল গুনছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নরওয়ে। প্রথমে ৭৯তম মিনিটে জালের দেখা পান এই তারকা স্ট্রাইকার। এরপর ৮৮তম মিনিটে আরও একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ফুটবল উপহার দেয় ব্রাজিল ও নরওয়ে।

ম্যাচের চতুর্থ মিনিটেই বল জালে জড়িয়েছিল নরওয়ে। তবে অফসাইডের কারণে প্যাট্রিক বের্গের গোলটি বাতিল করে দেন রেফারি। এতে বড় ধাক্কা থেকে রক্ষা পায় ব্রাজিল।

১০ মিনিটে ব্রাজিলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে। ডি-বক্সে মাতেউস কুনহাকে ফাউল করার ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নেন ব্রুনো গিমারেস। তবে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড দুর্দান্ত সেভ করে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচান।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ দিকে মাতেউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোলের চেষ্টা করলেও নরওয়ের রক্ষণভাগ দৃঢ়তায় সব আক্রমণ ঠেকিয়ে দেয়। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনে নরওয়ে। মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।

অন্যদিকে ৫৮তম মিনিটে মাতেউস কুনহার পরিবর্তে এন্দ্রিককে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বদলি হিসেবে নেমেই দারুণ একটি সুযোগ পেলেও গোল করতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড। এরপর ৬২তম মিনিটে রায়ানের দূরপাল্লার শট এবং এক মিনিট পর ব্রুনো গিমারেসের সুযোগ—দুটিই নিল্যান্ডের দৃঢ়তায় ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

৬৭তম মিনিটে ব্রাজিলের হয়ে মাঠে নামেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বাড়লেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেননি তিনি।

এরই মধ্যে ৭৯তম মিনিটে আর্লিং হালান্ড নরওয়েকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। এরপর ম্যাচের ৮৮তম মিনিটে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন তিনি। হালান্ডের জোড়া গোলে শেষ মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD