Logo

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ০৪:১০
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলেও পরাজয় এড়াতে পারেনি ব্রাজিল।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই ছিল দারুণ উত্তেজনা। পুরো ম্যাচজুড়েই ব্রাজিল একের পর এক আক্রমণ চালালেও নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড ছিলেন দুর্ভেদ্য প্রাচীর। ব্রুনো গিমারেস, এন্দ্রিকসহ ব্রাজিলের একাধিক খেলোয়াড় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

ম্যাচের চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে পাঠিয়েছিল। তবে অফসাইডের কারণে প্যাট্রিক বের্গের গোলটি বাতিল হয়ে যায়।

১০ মিনিটে ব্রাজিলের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে। ডি-বক্সে মাতেউস কুনহাকে ফাউল করার ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। কিন্তু ব্রুনো গিমারেসের নেওয়া স্পট কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নিল্যান্ড।

বিজ্ঞাপন

প্রথমার্ধের বাকি সময়ে মাতেউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনে নরওয়ে। অন্যদিকে ৫৮তম মিনিটে মাতেউস কুনহার বদলে এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বদলি হিসেবে নেমেই দারুণ একটি সুযোগ পেলেও গোল করতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড। এরপর রায়ান ও ব্রুনো গিমারেসের শটও প্রতিহত করেন নিল্যান্ড।

৬৭তম মিনিটে ব্রাজিলের হয়ে মাঠে নামেন নেইমার জুনিয়র। তবে তার উপস্থিতিতেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা।

বিজ্ঞাপন

অবশেষে ৭৯তম মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন আর্লিং হালান্ড। দুর্দান্ত এক হেডে আলিসনকে পরাস্ত করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৮৮তম মিনিটে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন হালান্ড। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ২-১ গোলের জয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। একই সঙ্গে হেক্সা জয়ের স্বপ্নও শেষ হয়ে যায় ব্রাজিলের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD