বগুড়ার শেরপুরে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৭টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার শেরপুর উপজেলায় নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস।
বিজ্ঞাপন
কেন্দ্র, কক্ষ, ভোটার সংখ্যা থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, সবক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের কাজ।
এবার উপজেলার মোট ৯৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে রয়েছে ৫৪৪টি ভোটকক্ষ। সর্বশেষ তালিকা অনুযায়ী শেরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৭,৭৩৯ জন, নারী ভোটার ১,৫৫,৭০৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে নির্বাচনকে ঘিরে ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
ভোটার তালিকা চূড়ান্ত হলেও কিছু স্থানে বাছাই করা তালিকা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। যাচাই–বাছাই শেষে দ্রুতই তালিকা হালনাগাদ করা হবে বলে নিশ্চিত করেছে অফিস।
বিজ্ঞাপন
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের সব নির্বাচন অফিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন।
তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, নিরাপত্তা পরিকল্পনা, লজিস্টিক সরঞ্জাম প্রস্তুতকরণসহ সব ক্ষেত্রেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।








