Logo

ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন, এলাকায় উত্তেজনা

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৩
ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কেউ নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হন।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। এরপর তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

রাজা শেখ আরও বলেন, যদি সময়মতো আগুন নেভানো না হতো, আশেপাশের দোকানপাট ও স্থাপনায়ও ক্ষয়ক্ষতি হতে পারত।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার একটি চেষ্টা। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ফুটেজ যাচাই-বাছাই এবং তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD