বরিশালে নির্বাচনী জনসভার মঞ্চে জামায়াত আমির

নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথমবারের মতো বরিশালে অনুষ্ঠিত এই জনসভায় অংশগ্রহণ করতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তিনি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় যান।
বিজ্ঞাপন
সকাল পৌনে ১০টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে পাতারহাটে পৌঁছান। এরপর আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ কার্যক্রমেও অংশ নেবেন। জনসভা সফল করতে এরই মধ্যে বাস্তবায়ন কমিটি গঠনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে জনসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছেন।








