চুয়াডাঙ্গায় টাকাসহ জামায়াতের আমীর আটক

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের সামনে থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম শরীফ হাসান। তিনি জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি (আমীর)। বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) ভোটগ্রহণ চলাকালে রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভোট চলাকালে কেন্দ্রের সামনে শরীফ হাসান এক ব্যক্তিকে টাকা দিচ্ছিলেন—এমন দৃশ্য স্থানীয়দের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান, টাকাসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








