ভোটের রাতে বাসে আগুন

জামালপুর পৌর বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ জানান, রাত সাড়ে ১১টার দিকে ফোনে আগুনের খবর পাওয়া যায়। পরে টিম ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, এক পরিবহন শ্রমিকের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। আগুনের কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পৌর বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।








