খাসির মাংসের আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চাঞ্চল্য

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ ও ক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত কসাই ও তার সহযোগী দোকান ছেড়ে পালিয়ে যান।
বিজ্ঞাপন
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড় এলাকায় দীর্ঘদিন ধরে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিতভাবে বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।
রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার দৃশ্য স্থানীয় কয়েকজনের নজরে আসে। বিষয়টি দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে লোকজন জড়ো হলে অভিযুক্তরা মাংস ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।
বিজ্ঞাপন
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সেগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত দুজন বর্তমানে পলাতক রয়েছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








