Logo

গাজীপুর সিটির নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৭
গাজীপুর সিটির নতুন প্রশাসক শওকত হোসেন সরকার
ফাইল ছবি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের কথা জানানো হয়।

নিয়োগের খবরে গাজীপুর মহানগরজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রত্যাশা—দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে সদস্য সচিব ও আহ্বায়কের দায়িত্ব পালন করে বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে জেলা বিএনপির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতাও দীর্ঘ—দুই মেয়াদে কাশিমপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিকভাবেও স্থানীয় সরকার পরিচালনায় তাঁর গভীর সম্পৃক্ততা রয়েছে। তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন সরকারের সন্তান। তাঁর বাবা একই ইউনিয়নে প্রায় এক দশক চেয়ারম্যান ছিলেন। দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকারও পৃথক সময়ে দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ফলে প্রজন্মজুড়ে প্রশাসনিক অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, মাঠপর্যায়ে প্রশাসন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, এলাকাভিত্তিক সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা এবং নগরবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই তাঁকে এ পদে আনা হয়েছে। তাঁদের আশা, তাঁর নেতৃত্বে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, যানজট নিরসন ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি হবে।

বিজ্ঞাপন

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় চ্যালেঞ্জ। গাজীপুর সিটির নাগরিকদের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব। নগরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব করতে সবার সহযোগিতা চাই।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD