Logo

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত

profile picture
উপজেলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৮
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাইপাস সড়কে অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে গ্যাস লিকেজ দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

তবে রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় দমকল বাহিনীর সদস্যসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে গ্যাস পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর বাস টার্মিনাল থেকে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD