যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তাঁর উপস্থিতিতে ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে যশোর জেলায় ৬৯ জন, মাগুরা জেলায় ১৯ জন এবং ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশ মোটরসাইকেল সংশ্লিষ্ট। তিনি জানান, নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুটি করে বিএসটিআই অনুমোদিত হেলমেট দেওয়ার নিয়ম বিআরটিএ অনুমোদন করেছে, যা বর্তমানে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি চালকদের হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান এবং যারা দুরপাল্লার যানবহন চালান তারা এক টানা ৫ ঘন্টার বেশি গাড়ি না চলোনোর জন্য বলেন।
বিজ্ঞাপন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবাইয়াৎ-ই-আশিক (পরিচালক, অডিট ও আইন, বিআরটিএ), মো. জিয়াউর রহমান (পরিচালক, ইঞ্জিনিয়ারিং, বিআরটিএ খুলনা বিভাগ), দেবাশীষ বিশ্বাস (সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত, বিআরটিএ), অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।








