Logo

পবিপ্রবিতে সিনিয়ার ও জুনিয়রদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত ২০

profile picture
উপজেলা প্রতিনিধি
দুমকি, পটুয়াখালী
৫ মার্চ, ২০২৬, ১৪:৩০
পবিপ্রবিতে সিনিয়ার ও জুনিয়রদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত ২০
ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হল-এর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (০৪ মার্চ) রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

এদিকে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুই পক্ষ নিজ নিজ হলে ফিরে যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খান-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD