Logo

যশোরে ডেঙ্গু প্রতিরোধে ২৫০ শয্যা হাসপাতালের বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা সভা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৪ মার্চ, ২০২৬, ১৫:১৮
যশোরে ডেঙ্গু প্রতিরোধে ২৫০ শয্যা হাসপাতালের বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা সভা
ছবি: প্রতিনিধি

যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত-এর নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মো. মাসুদ রানা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্টাফ নার্স এবং ওয়ার্ড বয়সহ প্রায় ৫০-৫৫ জন সদস্য ব্যানার ও ফেস্টুন হাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে ৩ নম্বর গেট দিয়ে বের হয় এবং সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুনরায় ১ নম্বর গেট দিয়ে হাসপাতালে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সকাল ১০টা ১০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসা নয়, জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব।" বক্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD