যশোরে হযরত গরিব শাহ্ (রঃ) মাজারের বার্ষিক ওরস শুরু

যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আধ্যাত্মিক সাধক হযরত গরিব শাহ্ (রঃ)-এর মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে পবিত্র বার্ষিক ওরস শরীফ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার (১৪ মার্চ) ভোর রাত থেকেই ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিজ্ঞাপন
তারিখের ধারাবাহিকতায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজার শরীফের প্রধান কার্যক্রম শুরু হয়। প্রথা অনুযায়ী, মাজার শরীফ পবিত্র দুধ, ডাবের পানি এবং সুগন্ধি ফুল দিয়ে ধৌত করা হয়। এরপর মাজারের মূল বেদিতে নতুন গিলাফ পরানোর মাধ্যমে ২০২৬ সালের ওরস শরীফের শুভ সূচনা করা হয়।
সকাল থেকেই মাজার প্রাঙ্গণে যশোরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত ও আশেকানদের ঢল নেমেছে। দিনব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল এবং দোয়ার মাধ্যমে ওরসের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মাজারে আসা ভক্তদের চোখে-মুখে দেখা গেছে গভীর ভক্তি ও আধ্যাত্মিক প্রশান্তি।
প্রতি বছর ওরস শরীফ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হলেও এবার পবিত্র রমজান মাস চলায় আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মাজারের একজন খাদেম জানান, "প্রতিবছর আমরা অত্যন্ত বড় পরিসরে এই অনুষ্ঠান পালন করি। তবে এবার পবিত্র রমজান মাস হওয়ায় রোজাদারদের সুবিধার্থে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে অনুষ্ঠানটি কিছুটা স্বল্প পরিসরে ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে।"
বিজ্ঞাপন
আজ সারাদিনব্যাপী ওরসের মূল কার্যক্রম চললেও সন্ধ্যায় ইফতারি এবং তাবারক বিতরণের মাধ্যমে এবারের ওরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। ইফতারের সময় মাজার প্রাঙ্গণে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হবে।








