কুলাউড়ার পীরের বাজার–হিংগাজিয়া সড়ক বেহাল, দ্রুত সংস্কারের দাবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজার থেকে হিংগাজিয়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
বিজ্ঞাপন
প্রায় এক বছর আগে সংস্কার কাজ শুরু হলেও হিংগাজিয়া বাজার থেকে হেলাল মেম্বারের বাড়ির সামনে এসে কাজ থেমে যায়। এরপর গত তিন থেকে চার মাস ধরে কাজের কোনো অগ্রগতি নেই।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ফলে রাস্তার বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনের যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বিজ্ঞাপন
এলাকাবাসীর ভাষ্যমতে, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সামান্য অসতর্ক হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। ছোট যানবাহনগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
শিক্ষার্থীরাও চরম ভোগান্তির কথা জানিয়ে বলেছে, ‘রাস্তার কারণে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে যায়। অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’
সড়কটির গুরুত্বও কম নয়। এটি কুলাউড়া-রবিরবাজারের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক, যা দিয়ে মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। অথচ আংশিক নির্মিত অংশেও ইতোমধ্যে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, যা কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এলজিইডির ওপর দায় চাপায়।
অন্যদিকে, কুলাউড়া উপজেলার এলজিইডি প্রকৌশলী প্রীতম সিকদার জয় বলেন, ‘প্রায় ২ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশে সিসি ঢালাই করা হবে। তবে প্রয়োজনীয় ডিভাইসের অভাবে কাজ বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে আবেদন করা হলেও তা অনুমোদন পায়নি। তবুও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।’
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই সড়কের অর্ধসমাপ্ত অবস্থার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন এলাকাবাসী।








