Logo

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩০ মার্চ, ২০২৬, ১৬:১৮
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’সহ নানা অশালীন মন্তব্য করেন, যা তার মান-সম্মান ক্ষুণ্ন করেছে।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে এ ধরনের মন্তব্য করা শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং সামাজিকভাবেও অসম্মানজনক। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় তথ্য-উপাত্তসহ মামলাটি আদালতে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, মুফতি আমির হামজার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজগঞ্জের আইনজীবীরা। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আদালত মামলাটি গ্রহণ করলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD