Logo

ইউএনও হওয়ার চার মাস পরই বদলি হলেন সেই লাক্স সুন্দরী সোহানিয়া

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
৩০ মার্চ, ২০২৬, ১৯:০১
ইউএনও হওয়ার চার মাস পরই বদলি হলেন সেই লাক্স সুন্দরী সোহানিয়া
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ইউএনও হিসেবে মাত্র চার মাস দায়িত্ব পালন করার পর তানজিমা আঞ্জুম সোহানিয়াকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিষয়টি সোমবার (৩০ মার্চ) উপজেলা উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তানজিমা আঞ্জুম সোহানিয়া গত বছরের ১১ ডিসেম্বর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। অল্প সময়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে জড়িত রেখেছিলেন। স্থানীয় বৃদ্ধাশ্রমে সহায়তা, বাল্যবিয়ে বন্ধে জিরো টলারেন্স কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিনি আসার পর বালু পাচার বন্ধ হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণ উপকৃত হয়েছে। সোহানিয়ার উপস্থিতিতে আমাদের এলাকার অনেক সমস্যা দ্রুত সমাধান হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, তিনি আমাদের জন্য বিভিন্ন সহায়তা ও পরিকল্পনা করেছিলেন। হঠাৎ বদলির ফলে এই সহায়তার ধারা বন্ধ হতে পারে, যা নেতিবাচক প্রভাব ফেলবে।

এক বাসিন্দা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়ে বিরল রোগে আক্রান্ত। ইউএনও মহোদয় আমার পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তার বদলি হলে আমাদের মতো দরিদ্ররা আর সহজে সহায়তা পাবে না।

বিজ্ঞাপন

তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান করেছিলেন। শিক্ষাজীবন তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় ও কুমুদিনী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে সম্পন্ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত তিনি ২০১৯ সালের ২০ মার্চ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগ পান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD