সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) বিকেলে থানায় স্বজনদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তাঁর স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। শুক্রবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তাঁদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে সন্ধ্যা ছয়টার দিকে স্বজনেরা থানায় পৌঁছালে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।








