Logo

হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে রেখে উধাও মা!

profile picture
উপজেলা প্রতিনিধি
চরফ্যাশন, ভোলা
৯ মে, ২০২৬, ১৫:০৯
হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে রেখে উধাও মা!
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মায়ের বিরুদ্ধে তার মাত্র তিন মাস বয়সী অসুস্থ শিশুকে হাসপাতালে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে পরিচয়হীন ওই শিশুটি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি শিশুটির সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালে এনে মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও কিছু সময় পর শিশুটির পাশে কোনো স্বজনকে না দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর পুরো হাসপাতালে ওই নারীকে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, অজ্ঞাত এই শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। আমরা সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বেলন বলেন, শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। শিশুটির দেখভালের দায়িত্ব সমাজসেবা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারকে খুঁজে বের করার জন্যও কাজ চলছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD