হুইপ অপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ফেসবুকে ‘ডামুড্যা DM Tv’ নামে একটি পেজ থেকে একটি ভিডিওর খণ্ডিত অংশ প্রকাশ করে দাবি করা হয়, তিনি নাকি সাংবাদিকদের উদ্দেশ্যে টিস্যু ছুড়ে মেরেছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকৃত ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন।
জানা যায়, গত শনিবার (৯ মে) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন হুইপ অপু। এ সময় উপস্থিত একজন বিএনপি নেতা একজনের সঙ্গে অপ্রয়োজনীয় কথোপকথনে জড়িয়ে পড়েন, যার কারণে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শৃঙ্খলা ও পরিবেশ স্বাভাবিক রাখতে ওই নেতাকে সতর্ক করার উদ্দেশ্যেই হুইপ অপু তার দিকে টিস্যুর বক্সটি ছুড়ে দেন। ঘটনাটির পর তার মুখভঙ্গি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখলেও স্পষ্ট বোঝা যায়, এটি কাউকে অপমান করার জন্য নয়; বরং সভার শৃঙ্খলা ও ভদ্রতা বজায় রাখার একটি সতর্কবার্তা ছিল।
কিন্তু ভিডিওটির সামান্য একটি অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, খণ্ডিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রায় সাত বছর আগের একটি গ্রেফতারের ভিডিওকেও নতুন ঘটনা বলে প্রচার করছে একটি মহল।
বিজ্ঞাপন
স্থানীয় সচেতন মহল বলছে, পূর্ণাঙ্গ ভিডিও ও প্রকৃত ঘটনা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তাই যেকোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।








