গাছের ডালে ধাক্কা লেগে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনাগামী ‘খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর-চিলাহাটি রুটে সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনটি। পথে নীলফামারী রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ট্রেনটি খয়রাতনগর এলাকায় পৌঁছালে চালক রেললাইনের ওপর ঝড়ে ভেঙে পড়া একটি বড় গাছের ডাল দেখতে পান।
বিজ্ঞাপন
চালক দ্রুত ট্রেন থামানোর চেষ্টা করলেও ট্রেনের গতি বেশি থাকায় ইঞ্জিনটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
এই দুর্ঘটনার কারণে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রভাবে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনে সাময়িক বাতিল করা হয়। পরে বিকল্প ব্যবস্থায় সৈয়দপুর স্টেশন থেকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পার্বতীপুর লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে রেললাইন সচল করার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যেই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।








