বুধবার মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন। সেখানে দুপুরে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রথম পর্বে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে। সরকারের এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের কাছে বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে যাবেন। সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ পর্বে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে জোর প্রস্তুতি চলছে। অনুষ্ঠানস্থলগুলো নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে মাঠ কাদাময় হয়ে পড়ায় সেখানে বালু ফেলে সমতল করার কাজ চলছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী স্থাপন, প্রবেশপথ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং আশপাশের এলাকাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রীর সফরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সফরকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবি নতুন করে গুরুত্ব পাবে। বিশেষ করে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা এবং সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে আশা করছেন তারা।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফর জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ সফর জেলার উন্নয়ন সম্ভাবনাকেও আরও এগিয়ে নেবে।
সফরসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষ করে তিনি সিলেট হয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এটি একটি সরকারি সফর এবং সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও তার সঙ্গে থাকবেন।








