প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্মিত অস্থায়ী প্যান্ডেল আকস্মিকভাবে ভেঙে পড়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পৌঁছানোর আগে এ ঘটনা ঘটলেও মূল মঞ্চ অক্ষত থাকায় আয়োজকরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দমকা বাতাসের কারণে প্যান্ডেলের একটি বড় অংশ ধসে পড়ে। সে সময় ভেতরে উপস্থিত অতিথি ও উপকারভোগীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই সেখানে অবস্থানরত মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। অনেককে তড়িঘড়ি করে প্যান্ডেল এলাকা ত্যাগ করতে দেখা যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিপুলসংখ্যক উপকারভোগী এবং স্থানীয় অতিথিদের বসার জন্য অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটির একটি অংশ টিকে থাকতে পারেনি।
প্যান্ডেল ধসে পড়ার পর দ্রুত তা অপসারণের কাজ শুরু করা হয়। প্রধান অতিথির আগমনের আগেই ক্ষতিগ্রস্ত কাঠামো সরিয়ে ফেলা হয় এবং নতুনভাবে খোলা আকাশের নিচে চেয়ার সাজিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি। ফলে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের কোনো বাধা সৃষ্টি হয়নি। নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়।
এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিজ্ঞাপন
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একই ধরনের আরেকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্যান্ডেল ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনুষ্ঠান আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। আয়োজকরা জানান, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বড় পরিসরের খোলা মাঠের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অস্থায়ী কাঠামোর নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। যদিও এ ঘটনায় কেউ আহত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।








