Logo

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২৭ জুন, ২০২৬, ১৬:৪৮
ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাওয়া গেছে অসংখ্য নামে-বেনামে লেখা চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে ‘হাদি হত্যার বিচার চাই’— এমন দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে রেকর্ডসংখ্যক ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও পরিচয়হীন দাতাদের লেখা বহু চিঠি ও চিরকুট উদ্ধার করা হয়।

এসব চিরকুটের একটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করে লেখা ছিল— ‘হাদি হত্যার বিচার চাই।’

এ ছাড়া একটি চিঠিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করেছেন এক ফুটবলপ্রেমী। সেখানে লেখা হয়েছে, তিনি চান ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করুক, লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক এবং দেশের ফুটবলের উন্নতি হোক। খেলোয়াড়দের সফলতা ও বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় উপস্থিতির জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনা শেষে প্রায় ১০ কোটি টাকা পাওয়া যায়। বিরতির পর আবারও গণনার কাজ শুরু হয়। দানবাক্সে থাকা অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীর চূড়ান্ত হিসাব গণনা শেষে জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD